“সব খেলার সেরা তুমি বাঙালীর ফুটবল” এই প্রবাদ প্রবচনটি বাক্যটি খুব সহজেই ফুটবলের প্রতি বাঙালিদের টান , ভালোবাসা কে স্পষ্ট করে ফুটিয়ে তোলে | তবে ভারতবর্ষের মতো এক বিরাট জনবহুল দেশের ক্ষেত্রে ফুটবলের সাথে বাঙালিয়ানা কে শুধুমাত্র জুড়ে দেওয়া অত্যন্ত গর্হিত অপরাধ হবে কারন দেশের নানা বড়ো অঞ্চল থেকে শুরু করে এমন বহু প্রত্যন্ত অঞ্চল রয়েছে যেখানকার ফুটবলপ্রীতি চোখে পড়ার মতো | এক সময় বিশ্বকাপে খেলার আমন্ত্রণপত্র পেয়েও পর্যাপ্ত ও উপযুক্ত সামগ্রীর অভাবে সেই বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি আমাদের দেশ | সময়ের অগ্রসরে এবং ফুটবলের পরিকাঠালো বৃদ্ধির সাথে সাথে আমাদের দেশের ফুটবল পরিচিতি যে বিস্তৃত পরিসরে ছড়িয়ে পরার ক্ষেত্রটি তৈরি হওয়ার কথা ছিল তা না হয়ে বরং তার মানরেখা নিন্মরুপ হতে থাকে যার প্রকৃষ্ট উদাহরণ ভারতীয় ফুটবল দলের বর্তমান অবস্থান | উপযুক্ত রসদ থাকা সত্ত্বেও বিশ্বফুটবলে নিজের ব্যপ্তি বিস্তার করতে না পারার ক্ষেত্রে অসংখ্য ত্রুটি রয়েছে যেগুলির দিকে নজর দেওয়ার দরুন অপর্যাপ্ত রসদ নিয়েও ভারতের চেয়ে অনুন্নত বহুদেশ বিশ্বফুটবলে বিশেষ জায়গা করে নিতে পেরেছে|
বিদেশী খেলোয়াড় নির্ভরতা ও পর্যাপ্ত যুব একাডেমীর অভাব :- বিশ্বফুটবলে সফল দেশ গুলির দিকে লক্ষ্য করলে দেখা যায় প্রাথমিক অবস্থা থেকে শুরু করে ক্লাব ফুটবলে তারা প্রতিনিয়ত সমানভাবে গুরুত্ব দিয়ে গেছে | অনুর্দ্ধ-13 ,অনুর্দ্ধ -15,অনুর্দ্ধ-17 ও পরবর্তী ধাপে ক্লাব ফুটবলে তাদের গুনমান এর উতকৃষ্টতা বৃদ্ধি করা হয় এবং জাতীয় দলের পথ প্রশস্ত করা হয়| তারা ফুটবলারের প্রয়োজনে নিজস্ব দেশের একাডেমী এর উপর নির্ভর করে কিন্তু ভারতের ক্লাব গুলির ক্ষেত্রে বিদেশী নিয়ে ব্যপক হারে মাতামাতি দেখা যায় | ভারতীয় ক্লাবগুলি অত্যন্ত বিদেশী খেলোয়াড় নির্ভরশীল | খেলার ক্ষেত্রেও দেখা যায় সমস্ত বল বিদেশী খেলেয়াড কে লক্ষ্য করে দেওয়া হয় | ভালোমানের দেশীয় ফুটবলার থাকা সত্ত্বেও নিন্মমানের বিদেশী ফুটবলার দের অধিক প্রাধান্য দিয়ে আনা হয় | অবশ্য এর জন্য একটি কারনও রয়েছে যেটি হল উপযুক্ত ‘যুব একাডেমী’ এর অভাব | যে সমস্ত একাডেমী গুলিকে উপস্থাপনা করা হয়ে থাকে তাতে নূন্যতম প্রয়োজনীয় ব্যবস্থাগুলিরও অনেকক্ষেত্রে অভাব দেখা যায় | আবার অনেকক্ষেত্রে যে সমস্ত পরিকাঠামো রয়েছে তার অবস্থাও ভালো নয় এবং এদেশের মাঠ ও গ্যালারি গুলি তার অন্যতম দৃষ্টান্ত | বেশিরভাগ ক্লাব গুলিই ভালো ফুটবলার তৈরী করার দিকে নজর না দিয়ে তুলনামূলক বেশী দাম দিয়ে ফুটবলার কেনার দিকে বেশী ঝোঁক দেখা যায় ফলস্বরুপ কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় ক্লাব গুলিকে | ভারতীয় অধিকাংশ ক্লাবগুলির দলগঠনের বাজেট বরাবরই তুলনামূলকভাবে কম উপরন্তু এই ক্লাবগুলি যুব একাডেমীর দিকে বিশেষ নজর দেয় না | তাই স্পনসর জনিত কোনো সমস্যার সম্মুখীন হলে (যা বারংবার দেখা যায় ) ফুটবলার যেমন কিনতে পারে না আবার যুব একাডেমীর পর্যাপ্ত ব্যবস্থা না থাকার দরুন কোনো গুনগতমানের ফুটবলারও সেখান থেকে নিতে পারে না | বিদেশের সফল ক্লাবগুলি দেখলেই বোঝা যায় তারা যুব একাডেমী গুলিকে ফুটবলারের উতস হিসেবে ব্যবহার করে | প্রত্যন্ত অঞ্চলে প্রচুর প্রতিভাবান ফুটবলার রয়েছে যাদের স্বপ্নে ফুটবল এবং বাস্তবে ইঁট বালি ,চাষের জমি ভাসে | সেই স্বপ্নের টানেই তারা শহরে আসে , টিফিন টুকু তারা পায় না | প্রসঙ্গত , স্বপ্না সর্দারের ,( মহিলা ফুটবলার যিনি কুসুমিতার সঙ্গে একই দলে খেলেন এবং ন্যশ্যানাল গেমসও খেলেছেন ,সুন্দরবোন গোল্ড কাপের সর্বোচ্চ গোলদাতা )বক্তব্য এরকম “ প্রথম যখন খেলতাম তখন বুট ছিল না , ধার করে খেলতে হতো | এখানে প্রাকটিস করার মাঠ নেই , কোচ নেই তাই বারাসাত যেতে হত ,গাড়ি ভাড়া পেতাম না ,টিফিন ঠিকমতো পেতাম না | ফিরতে অনেক রাত হয়ে যেত এখানে আবার রাতে গাড়ি পাওয়া যায় না পেলেও অনেক টাকা ভাড়া নেয় |”
বিদেশী কোচ নির্ভরতা :- বিশ্বফুটবলে সফল দলগুলির রসায়ন ঘাটলে কোচ নির্বাচনে চটকতা বোঝা যায় | অধিকাংশ দলের সফলতা এসেছে দেশীয় কোচ বা ওই ধরনের ফুটবল মহলের সাথে পরিচিত মানুষের হাত ধরেই | আবার ভারতীয় ফুটবলের ক্ষেত্রেও একই অবস্থা দেখা যায় | কিন্তু ক্লাবকর্মকর্তারা আধুনীকরনের নামে বিদেশী খেলোয়াড়দের মতোই বিদেশী কোচের ক্ষেত্রেও অতিরিক্ত নির্ভর | আবার কোচের ক্ষেত্রে কর্মকর্তাদের ‘অল্পতেই সন্তুষ্ট’ এবং ‘অল্পসময়েই অসন্তুষ্ট’ মানসিকতা অর্থাত বছরে একটি ট্রপি পেলেই সন্তুষ্ট এবং কোনো কারনবশত ট্রপি না পেলে সেখানেই কোচের ইতি যা দলগুলির ক্ষেত্রে ভয়ংকর বিপদ ডেকে আনে | আবার অনেক ক্ষেত্রে কিছু টুর্নামেন্টের ভিত্তি তে কোচের যোগ্যতা নির্ণয় করা হয় এমন অবস্থার দরুন বছরে দুই থেকে তিন বার কোচের পরিবর্তন করা হয় যার প্রভাব পড়ে দলের মধ্যে ও খেলায় | প্রতিটি কোচ দলের অবস্থা বুঝে ছক তৈরী করেন এবং দল কে মানিয়ে নেন কিন্তু বারংবার কোচের পরিবর্তন হলে খেলোয়াড় ও কোচ উভয়ই মনিয়ে ওঠার সময় পান না উপরন্তু ছকের পরিবর্তনে দলের সাম্য নষ্ট হয় | হঠকারিতার বদলে দীর্ঘমেয়াদী কোচব্যবস্থা ও একই দল ধরে রাখার প্রবনতাই পারে দলকে সফলতার হ্মেত্রে এগিয়ে দিতে | প্রসঙ্গত ,বাংলায় 2014 এর পূর্বে আই-লিগ এসেছিল 2003 সালে (তখন জাতীয় লিগ ), স্থানীয়(বাঙালী) সর্বোপরি দেশীয় কোচের মাধ্যমে |মাঝের এতগুলি বছরে অসংখ্য বিদেশী কোচ বাংলার ক্লাবগুলির হাল ধরলেও বাংলায় আই-লিগ এনে দিতে পারিনি | আবার এত বছর পরে আই-লিগ এল বাঙালী তথা দেশীয় কোচের হাত ধরেই |
এ .আই .এফ .এফ ,আই .এফ .এ ও ক্লাবকর্তাদের নেতিবাচক মনোভাব , অপেশাদারিত্ব ও রাজনীতিপ্রীতি :-এ .আই .এফ .এফ , আই .এফ .এ ও বিভিন্ন ক্লাবকর্তাদের অসংখ্য ভুল সিদ্ধান্ত ও অপেশাদার মনোভাব ভারতীয় ফুটবলের উন্নতি কে নানাভাবে আঘাত করে | ঐতিহ্যবাহী আই .এফ .এ শিল্ড কে অনুর্দ্ধ 19 এবং ফেডারেশন কাপ বন্ধ করে দেওয়া তারই দৃষ্টান্ত | জাতীয় দলের উন্নতি ও স্বার্থের কথা ভেবে এরকম পদক্ষেপ নেওয়া হয় কিন্তু বাস্তবে তার ফলে কোনোরুপ উন্নতি দেখা যায় নি বরং জাতীয় দলের অবস্থা আরও ক্রমঅবনতি হয়েছে | জাতীয় দলের উন্নতির কথা ও ফুটবলারদের বিশ্রামের কথা সামনে রেখে টুর্নামেন্ট গুলিকে বন্ধ করে দেওয়া হলেও এর পিছনে রয়েছে পুঁজিবাদী শ্রেণীর ভাবনা | অন্যান্য টুর্নামেন্ট গুলি বন্ধ করে বিনা প্রতিদ্বন্ধীতায় খুব সহজে মানুষদের ঝা চকচকে পরিপাটি করে তৈরী করা হাজার হাজার কোটি টাকার আই .এস .এল এর দিকে নজর টেনে আনা | সাধারণ মানুষ আনন্দের জন্য যেগুলি পছন্দ করে সেগুলির অনেকাংশ খেলার মধ্যে ডুকিয়ে শুধুমাত্র খেলা নয় বরং ‘এন্টারটেনমেন্টের’ বস্তু করে তোলা হয় অবশ্য খেলা মাত্রই অনেকে মজার বস্তু হিবেবে দেখে কিন্তু আই .এস .এল কে মূলত খেলা নয় ‘এন্টারটেনমেন্ট’ হিসেবেই ব্যবহার করা হয় | এর ফল দ্রুত ও প্রেক্ষাপট তৈরীর ক্ষেত্রে অত্যন্ত বিচক্ষনতার পরিচয় পাওয়া যায় | আই .এফ .এ শিল্ড কে অনুর্দ্ধ 19 করার সময় নানা নামী দলের ( ম্যাঞ্চেস্টার ইউনাইটেড , রিয়াল মাদ্রদিদ )অনুর্দ্ধ 19 দল কে খেলার জন্য আনা হবে প্রতিশ্রুতি দেওয়া হয় এবং তাতে ভারতীয় ফুটবলের গুণগত মান বৃদ্ধি হবে বলা হয় কিন্তু কিছু লোকাল ক্লাব কে এনে জলভর্তি কাদা মাঠে সেই টুর্নামেন্ট সম্পন্ন করা হয় | দলগঠনের ক্ষেত্রে যেখানে দায়িত্ব পুরোপুরিভাবে কোচের উপর দেওয়া উচিত সেখানে কর্মকর্তারা নিজেদের পছন্দ মতো ফুটবলার সই করিয়ে দল গঠন করেন | অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলাগুলির সময় যেখানে তাদের উপস্থিতির প্রয়োজন সেখানে প্রায়শই তারা নিজস্ব ব্যাবসায়িক কাজের জন্য অনুপস্থিত থাকেন | স্পনসর জোগাড় করার ক্ষেত্রেও চরম অপেশাদারিত্ব দেখা যায় কর্মকর্তাদের | অনেকক্ষেত্রে এ .আই .এফ .এফ জাতীয় দলের খেলা হোক কিংবা ক্লাবের কোনো গুরুত্বপূর্ণ ম্যাচ ,তা টি .ভি তে কোনো চ্যানেল কে সম্প্রচার করার দায়িত্ব বা স্বত্ত্ব দিতে পারেনা উপরন্তু এ .আই .এফ .এফ ও আই .এফ .এ যুবভারতী ক্রীড়াঙ্গনে আই .পি .এল এর উদ্বোধনের বিরোধীতা না করে ব্যবহারের অনুমতি দেয় | মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে,ওই সময়ের খেলাগুলি যাতে যুবভারতীতে হতে পারে তার জন্য লিখিত ভাবে অনুরোধ করা হলে তা তিনি কর্নপাত করেননি যার জন্য দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাধ্য হয়ে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় | জুনিয়র ফুটবলারদের পরামর্শ দেওয়ার ক্ষেত্রে প্রাক্তনীদের বেশ ভূমিকা রয়েছে কিন্তু সেক্ষেত্রেও কর্মকর্তারা বাধা দেন | ক্লাবগুলির পরিবেশ অপরিস্কার অপরিছন্ন ,কোথায়ও মাঠের মাঝে ঘাস নেই আবার কোথায়ও গ্যালারি ভাঙ্গা তবুও কর্মকর্তারা নিশ্চুপ | পূর্বে ফুটবলপ্রেমীরা এসমস্ত কিছুর বিরুদ্ধে পদক্ষেপ নিতে গেলে পুলিশ দিয়ে তাদের আটকানো হয়েছে | কর্মকর্তাদের অন্যতম অসফলতা ক্লাবগুলির ও খেলার উপযুক্ত প্রচার করতে না পারা | কর্মকর্তাদের সক্রীয়ভাবে অতি রাজনীতিপ্রীতিও ক্লাবের সমস্যার কারণ হয়ে দাঁড়ায় | প্রসঙ্গত , মোহন -ইস্টের কর্মকর্তাদের জেল ও ফলপ্রসূত ক্লাবের ভাবমূর্তী বিকৃতি |
উপযুক্ত ও পর্যাপ্ত মাঠের অভাব এবং মাঠের অপব্যবহার :- বাংলা তথা ভারতীয় ফুটবলের বিকাশে অন্যতম অন্তরায় উপযুক্ত মাঠের অভাব | বাংলার ক্ষেত্রে যে সমস্ত মাঠ গুলি রয়েছে সেগুলি কলকাতা কেন্দ্রিক | কলকাতার ফুটবল দৈত্যদের(মোহন -ইস্ট -ইউনাইটেড) নিজস্ব মাঠ নেই ,মিলিটারী দের মাঠকে ব্যবহার করা হয় এবং প্রতিবছর নির্দিষ্ট সময়ে মাঠটি মিলিটারীদের ছেড়ে দিতে হয় | যেখানে ফুটবলের মক্কার এরকম হাল সেখানে দেশের পরিচিতপ্রান্ত গুলি ছাড়া অন্যান্য অঞ্চল গুলির অবস্থা কিরকম তা বোঝাই যায় | যে সমস্ত মাঠগুলি রয়েছে সেখানে জলনিকাশীর ব্যবস্থা থাকেনা ,মাঠে কাদা ভর্তি থাকে যার দরুন চোটের প্রবনতা অনেক বেড়ে যায় | এগুলি ছাড়াও রয়েছে মাঠের অপব্যবহার | প্রতিবছর সম্মেলনের জন্য মাঠের ব্যবহার করা হয় যার ফলে মাঠের ভীষণ ক্ষতি হয় এবং সাথে খাবার প্যাকেট যেখানে সেখানে ফেলায় নোংরা হয় | এর সাথে বর্তমানে যুক্ত হয়েছে ফুটবলের মাঠ কে ক্রিকেটের উদ্বোধন মঞ্চ হিসেবে ব্যবহার করার | ফুটবল খেলার মাঠ সংরক্ষন ও ভালোভাবে রাখার জন্য প্রয়োজন হয় প্রশিক্ষনপ্রাপ্ত মালি ও মাঠ বিশেষজ্ঞ তবে এই সমস্তকিছু কোনো ক্লাবই ব্যবস্থা করার চেষ্টা করে না |
সমর্থক ও খেলোয়াড় দের মানসিকতা :- সমর্থকদের উন্নত ও ইতিবাচক মানসিকতাও দলগুলির সফলতার একটি কারণ | তবে এদেশের ক্ষেত্রে পুরো উল্টো ব্যাপারটাই দেখা যায় | কোনো ফুটবলার একটি ম্যাচে বিশেষত ডার্বিতে ভালো খেললে তাকে নিয়ে যে হারে মাতামাতি করে আশা করা হয় তা অনুচিত কারণ পরবর্তী সময়ে আশানুরূপ ফল দিতে না পারলে তারাই আবার হিরো থেকে জিরো বানিয়ে দেয় এক লহমায় | বিশ্বের বহু প্রান্তে এরকম দৃশ্য দেখা যায় তবে এতটা উজ্জ্বল নয় | অত্যাধিক আশা ফুটবলারটির মানসিকচাপের কারণ হয়ে ওঠে | মাঠের মধ্যে সমর্থকদের গালিগালাজ নিন্মমানসিকতার নিদর্শন | পৃথিবীর একপ্রান্তে যেখানে সমর্থকরা গান গেয়ে সমর্থন জানায় অন্যপ্রান্তে আরেকদল সমর্থক খেলোয়াড়দের উদ্দ্যশ্যে নোংরা ভাষায় আক্রমণ করে ফলত মহিলা সমর্থকের উপস্থিতি নগন্য হয় | কোনো দল হারতে থাকলে খেলা শেষের পূর্বে চলে যাওয়াও নিন্মরুচির পরিচয় দেয় | এছাড়া সমর্থকদের মাঠে ও স্টেডিয়ামে চায়ের ভাঁড় ,জলের বোতল ফেলা তো রয়েছেই সঙ্গে রয়েছে যেখানে সেখানে প্রস্বাব ও সিগারেট ,বিড়ি খাওয়া | ফ্যানস ক্লাবগুলির অন্তর্দ্বন্ধ ক্লাবগুলির ভাবমূর্তি নষ্ট করে | ব্যবসায়িক মনোবৃত্তির দরুন একই ক্লাবের সমর্থক হয়েও পরস্পরের সঙ্গে আদায়-কাঁচ কলায় সম্পর্ক খেলোয়াড় প্রেমী সূচক আচরণ নয় | ফুটবলারদের মানসিকতাও খেলার প্রগতি পথে ওতোপ্রতোভাবে যুক্ত | বাংলার ফুটবলার তথা ভারতীয় ফুটবলাররা অধিকাংশ ক্ষেত্রে খেলা ছাড়া অন্য কাজে যুক্ত থাকে যার জন্য পেশাদার হিসেবে ফুটবলে পুরোপুরি অভিষেক হয় না | আবার নিন্মবিত্ত পরিবার থেকে উঠে আসার দরুন পরবর্তী সময়ে চাকরী পেয়ে গেলে , খেলার প্রতি টান আগের মতো থাকে না অনেক হ্মেত্রে দেখা যায় চাকরী পাওয়ার জন্য তারা খেলে| মাদক আসক্তি বহু ক্ষেত্রে ফুটবলারদের জীবনে পথের বাধা হয়ে দাঁড়ায় ,অনেক ক্ষেত্রে আবার এরা বিপথে গিয়ে হারিয়ে যায় | প্রসঙ্গত , লালম পুঁইয়া ও বুধিরাম টুডুর কথা বলা যেতে পারে ,যাদের মধ্যে বিশাল প্রতিভা থাকা সত্ত্বেও মাদক আসক্তি ও অনিয়মিত জীবন উপভোগের জন্য হারিয়ে যেতে হয়|
উন্নত সরঞ্জাম ও ব্যবস্থার অভাব :- বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উন্নতির দরুন অন্যান্য দেশগুলি যে হারে তা ফুটবল জগতে ব্যবহারের প্রচেষ্টা চালাচ্ছে তা আমাদের শিক্ষনীয় | অবশ্য আর্থিক সমষ্যা নানা হ্মেত্রে বাধা হয়ে দাঁড়ায় তবুও উন্নত সরঞ্জাম ও প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে অনেকাংশে পিছিয়ে আমরা | ফলত ফুটবলে সফল দেশ গুলির চোটগ্রস্ত ফুটবলারের ঠিক হতে যতদিন সময় লাগে তার তুলনায় আমাদের দেশের ফুটবলার বেশীবার চোট পায় ও সেহ্মেত্রে অনেকদিন ভুগতে হয় | বহুক্ষেত্রে দেখা যায় সমর্থকদের ও ক্লাবের অতিরিক্ত চাপের দরুন ও খেলোয়াডের অতিইচ্ছায় খেলোয়াড় কে মাঠে নামাতে বাধ্য হন কোচ যার ফল ক্লাব ও ফুটবলার উভয়কেই দীর্ঘমেয়াদী ভাবে ভোগ করতে হয় |
নিন্ম মানের রেফারী ও লিঙ্গ বৈষম্য :-ফুটবলের ক্ষেত্রে রেফারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ | বিশ্বফুটবল এমন অনেক ঘটনার সাহ্মী যেখানে রেফারীরর একটি সিদ্ধান্ত ফলাফল পরিবর্তন করে দিয়েছে | তাই ভালোমানের রেফারী তৈরীর ব্যবস্থার দিকে বিশেষ গুরুত্ব দেয় বিশ্বফুটবলের সফল লীগ গুলি | কিন্তু এদেশের স্থানীয় লীগ গুলি র হ্মেত্রে রেফারীরা বড় দলগুলির প্রতি অতিরিক্ত পক্ষপাতীত্ত্ব করে | ভুল হতেই পারে কিন্তু একরকম ভুল আর তার সংখ্যা যখন বেড়েই চলে তাতে রেফারীর মান ও যোগ্যতা নিয়ে প্রশ্ন চলে আসে | বাংলার মহিলা রেফারী ‘কনিকা বর্মন’ এ বিষয়ে আসার আলো দেখালেও লিঙ্গ বৈষম্যের আঘাতে সেটিও শেষের পথে | রেফারীদের দক্ষতা দৃদ্ধির নানা রকমের ট্রেনিং হয় ,এদেশেও তার কিছু চল রয়েছে কিন্তু তা নগন্য ও গুনগতমানে অনেকাংশ নিন্ম | এ .আই .এফ .এফ এ বিষয়ে কোনোদিনও সক্রিয় প্রচেষ্টা গ্রহণ করেনি | পুরুষদের ফুটবলেরজন্য যে সমস্ত সামান্য উদ্যোগ গুলি দেখা যায় মহিলা ফুটবলের ক্ষেত্রে সেটুকুও গ্রহণ করা হয় না | মহিলা ফুটবলের স্বার্থে যে প্রচারের প্রয়োজন হয় তা করা হয় না এবং মহিলা ফুটবলের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিও মহিলা ফুটবলের বিকাশের পথে বাধা হয়ে দাঁড়ায় | বিশ্ব ফুটবলে , মহিলা ফুটবলের বিকাশে যে সমস্ত বাধা দেখা যায় তার অধিকাংশ ধর্মীয় ,সংস্কৃতিগত ও আবদ্ধ ভাবনার গোঁডামি থেকে এসেছে | প্রসঙ্গত , ইরান এশিয়ান গেমসের দরুন মালেশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল৷ তার পূর্বে লিঙ্গবৈষমের দরুন 'নিলোওফার আরডালান' ওরফে "লেডি গোল" কে বাধ্য হয়ে দল ছাড়তে হয় | তার স্বামী চান না উনি খেলুন কারন উনি 'মহিলা'৷ ইরানের সংবিধানে রয়েছে যদি মহিলার স্বামী চায় তাহলে স্ত্রী কে অন্যত্র যেতে আটকাতে পারে এবং সেই অনৈতিক সংবিধানের অপব্যবহার করে উনি পাসফোর্ট কেড়ে নেন৷ অবশ্যই ইরানীয় দলের কাছে এটি অত্যন্ত ক্ষতিকর ঘটনা তবে বিশ্ব ফুটবলে এটি অত্যন্ত হতাশাজনক |
সরকারের দায়বদ্ধতাহীনতা :- ফুটবলের বিকাশে প্রতিটি দেশের ,প্রতিটি প্রদেশের সরকারের ভূমিকা থাকে | যে অঞ্চলের সরকার ফুটবলের বিকাশে গুরুত্ব দেয় সেখানে বিকাশও তাড়াতাড়ি হয় | ভারতবর্ষের ক্ষেত্রে কেন্দ্রীয় ও রাজ্য উভয় সরকার ই ফুটবলের প্রতি সন্দিহান | আই .এস .এল কে যতটা গুরুত্ব দিয়ে দেখেন মূল লীগ ফুটবলের প্রতি ততটা নজর দিলে ভারতীয় ফুটবলের বিকাশ আকাশছোঁয়া হত কিন্তু আই .এস .এল এর মতো টাকার ছড়াছড়ি না থাকায় ও ব্যবসায়িক ক্ষেত্র কম থাকায় সরকারি দৃষ্টি এই লীগ গুলি এড়িয়ে যায় | ভারতীয় ফুটবলের বিকাশে সরকারের নীরবতা সবচেয়ে বেশী প্রভাব ফেলে তাই যতদিন না পর্যন্ত সরকার ফুটবলের হ্মেত্রে সক্রীয়ভাবে হস্তক্ষেপ করবে ততদিন পর্যন্ত বিশ্বকাপ খেলার ইচ্ছা দিবাস্বপ্ন হয়েই ভাসবে |
আই .এল .এর ভূমিকা :- ভারতীয় ফুটবলে আই .এস .এলের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ | ভারতীয় ফুটবলের বিকাশের ক্ষেত্রে আই .এস .এলের অনেক ভূমিকা রয়েছে | নতুন ফুটবলার তৈরীর ক্ষেত্রে যেমন অবদান রয়েছে তেমন বিশ্বের দরবারে প্রচারের পথেও এর অবদান স্মরণীয় | তবে অতিরিক্ত প্রচারের আলোয় ফুটবলপ্রেমীরা আই .এস .এলে আবদ্ধ হয়ে পড়ার সম্ভবনাও রয়েছে | সামান্তরালভাবে আই .এস .এল ও লীগ গুলি চললে সমস্যার সৃষ্টি হবে না যদিও তার সম্ভবনা কম ,মূলত একতরফা আই .এস .এলের দিকে সমস্ত আকর্ষণ হওয়ার সম্ভবনা বেশী যদিও তা অত্যন্ত ধীর প্রক্রিয়া তবুও সম্ভবনা অনেক| যদি পরবর্তী সময়ে আই .এস .এল ও আই-লীগ এক সাথে করা হয় সেহ্মেত্রে দল গঠনে উপযুক্ত নিয়ম না করা হলে পুঁজিবাদ দলগুলির বিশাল বাজেটের জন্য বর্তমান আই-লীগের দল গুলির দলগঠনে সমস্যার সৃষ্টি হবে , মূলত আই .এস .এলের দলগুলি ভালো দলগঠন করবে ফলপ্রসূত অসম দলগঠনের প্রেক্ষাপটে অসম লীগ হবে |
সাহায্যের জন্য যে সমস্ত ফুটবলাররা হাত বাড়িয়ে দিয়েছেন :- লালকমল ভৌমিক (মোহনবাগান), সংগ্রাম মুখার্জি(ভবানীপুর) ,মেহতাব হুসেন (ইস্টবেঙ্গল ,কেরালা ব্লাস্টার) ,সৌভিক ঘোষ (মোহনবাগান ) ,সন্দীপ নন্দী( প্রাক্তন ঈস্টবেঙ্গল ও মোহনবাগান ,কেরালা ব্লাস্টার ) ,জনি রাউত (প্রাক্তন ইস্টবেঙ্গল) , স্বপ্না সর্দার (বাংলা মহিলা দল)|
সাহায্যর জন্য যে সমস্ত ফুটবলপ্রেমীরা এগিয়ে এসেছেন :-পিয়ালী গাঙ্গুলী ,প্রতীক মণ্ডল ,অন্বয় ব্যানার্জী ,সৈকত দাস , প্রতীম ধর , শ্রীনন্তু সিনহা রায় , রিক ভট্টাচার্য্য , রৌনক ঘোষ ,ইমন চ্যাটার্জী |
বিঃদ্রঃ -সংক্ষেপিত করার দরুন বিভিন্ন জায়গায় ব্যাখ্যা করা সম্ভয় হয়নি যার ফলত ফুটবল দলগুলির খবর যারা রাখেন না তারা উপরোক্ত বিষয় গুলির সঙ্গে অনেক জায়গায় মিলিয়ে বুঝতে পারবেন না যেটি লেখাটির সীমাবদ্ধতা |
No comments:
Post a Comment